ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাঁচ দিনেই দেড় কোটি ভিউ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১১:৩০:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৪১:৪২ অপরাহ্ন
​পাঁচ দিনেই দেড় কোটি ভিউ ​ছবি: সংগৃহীত
মে দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ২০০৬ সালের একই নামের সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম সিনেমার মতো এটিও বিপুল সাফল্য পায়। বক্স অফিসে ৬৯১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্টদের সিনেমাটি।

সম্প্রতি ওটিটিতে এসেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। প্রেক্ষাগৃহের মতো এখানেও করছে বাজিমাৎ। ডিজনি পালাস ও হলুতে রিলিজের পর সিনেমাটি মাত্র পাঁচ দিনেই ১ কোটি ৫২ লাখ ভিউ পেরিয়েছে।

২০২৪ সালের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর পর ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সবচেয়ে সফল লাইভ-অ্যাকশন সিনেমা এখন এটি। যদিও ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর প্রথম পাঁচ দিনের সুনির্দিষ্ট ভিউ সংখ্যা প্রকাশ করেনি ডিজনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ছয় দিনে ছবিটি ১ কোটি ৯৪ লাখ ভিউ পেয়েছিল। ফলে দুই ছবির প্রথম পাঁচ দিনের হিসাব তুলনা করলে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর সঙ্গে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর ব্যবধান ৪২ লাখের মতো।

প্রেক্ষাগৃহে ইতিপূর্বে বিপুল দর্শকের কাছে পৌঁছানোর পরও স্ট্রিমিংয়ে সিনেমাটির এমন দর্শকপ্রিয়তা বেশ তাৎপর্যপূর্ণ। এর অর্থ হতে পারে, মুক্তির দুই মাসেরও বেশি সময় পরও ছবিটির দর্শকসংখ্যা বাড়ছে। একই সঙ্গে ছবিটি বারবার দেখার মতো আকর্ষণ ধরে রাখতে পেরেছে।

মেরিল স্ট্রিপ ও অ্যান হ্যাথাওয়ের পাশাপাশি সিক্যুয়েলে প্রথম সিনেমার চরিত্রে ফিরেছেন স্ট্যানলি টুসি ও এমিলি ব্লান্ট। নতুন করে যুক্ত হয়েছেন জাস্টিন থেরু, লুসি লিউ, কেনেথ ব্রানা, সিমোন অ্যাশলে, বি. জে. নোভাকসহ আরও অনেকে।

মূল ছবির মতো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-ও পরিচালনা করেছেন ডেভিড ফ্র্যাঙ্কেল। চিত্রনাট্য লিখেছেন অ্যালাইন ব্রোশ ম্যাককেনা। ছবির চরিত্রগুলো নেওয়া হয়েছে লরেন ওয়েইজবার্গারের ২০০৩ সালের উপন্যাস থেকে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ