সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৮-২০২৬ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৮-২০২৬ ০৩:৩১:৫৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য জানান।
এ কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস নামে ৫টি ট্রেন আটকা পড়েছে। এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃষ্টির কারণে ভোগান্তি আরো বেড়েছে। দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম, মনসুর আলী স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ক্রটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, শহীদ এম, মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির ২টি চাকা সংযোগ থেকে আলাদা হয়ে গেছে। একটি চাকা খুলে লাইনের বাইরে ছিটকে পড়েছে। পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেনটি উদ্ধারে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স