বগুড়ায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৮-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৮-২০২৬ ১২:০৫:৪২ অপরাহ্ন
ফাইল ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, তার ভাই মোসলেম খুব শান্ত স্বভাবের মানুষ। গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে তাকে একা পেয়ে হামলা করা হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সাবেক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সংবাদ প্রতিবেদন
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স