ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও চার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৪:০০:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৪:৪৩:৫৮ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও চার মৃত্যু
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ জন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ