স্বামীসহ বাংলাদেশে মধুমিতা সরকার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ০১:০৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ০১:০৮:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরতে অংশ নিতেই তার এ সফর। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মো. ইকবাল।
রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মো. ইকবাল বলেন, “আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।”
শুটিং শুরুর সময়সূচি সম্পর্কে তিনি বলেন, “আজ শুধু মহরত অনুষ্ঠিত হবে। সিনেমার শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।”
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের একঝাঁক জনপ্রিয় শিল্পী অভিনয় করবেন।
ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। এছাড়া মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
‘গুলশানের চামেলি’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এ সিনেমার শুটিং শেষ হলে মুক্তির তারিখ পরবর্তীতে জানানো হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স