ভারতকে নিজের দেশ মনে করি: তসলিমা নাসরিন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ১২:৪৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ০১:৪৯:১৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন জানিয়েছেন, তিনি ভারতকে এখন নিজের দেশ মনে করেন, বাংলাদেশে হয়ত আর কখনো ফিরবেন না। শুক্রবার পশ্চিমবঙ্গে ফেরার পর ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে বিতাড়িত হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে ২০০৪ সালে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তসলিমা। ২০০৭ সালে তার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। মুসলিম এলাকাগুলোতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। ওই সময় রাজ্যের বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় তাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’ বহাল ছিল। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই শুক্রবার কলকাতায় প্রত্যাবর্তন হল তসলিমার।
প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে শুক্রবার তসলিমা বলেন, কলকাতার ‘দরজা’ অবশেষে খুলে যাওয়ায় তিনি কৃতজ্ঞ।
তিনি বলেন, “আমি সরকারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই; যে দরজাটা একসময় বন্ধ ছিল, তা অবশেষে খুলেছে। আমি চাই এই দরজাটা খোলা থাকুক, যাতে আমি যখন খুশি এসে বাংলার মুক্ত, খোলা বাতাসে শ্বাস নিতে পারি।"
বাংলাদেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও তিনি হতাশাবাদীই রয়েছেন।
তিনি বলেন, “আমার মনে হয় না বাংলাদেশে নিজের বাড়িতে ফেরা কোনোদিন সম্ভব হবে। আমি বিশ্বাস করি না যে, এই জীবনে আমি সেখানে যেতে পারব। যদি তা হয়, তবে তা হবে এক অলৌকিক ঘটনা।”
কলকাতাকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করে তসলিমা বলেন, তিনি ‘বাংলার এই অংশে’ ফিরতে পেরে খুশি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স