আশুলিয়ায় প্রেসার কুকার আকৃতির বোমা উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৭-২০২৬ ০৪:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৭-২০২৬ ০৪:৩৯:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসার কুকার আকৃতির বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির বোমাসদৃশ বস্তু দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে ধারণা করা হলে বিষয়টি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।
পরে বোম ডিসপোজাল ইউনিট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি উদ্ধার করে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকায় ইউনাইটেড গার্মেন্টসসংলগ্ন একটি ফাঁকা স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সন্দেহজনক ব্যাগটি দেখে দ্রুত পুলিশকে খবর দেওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স