রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৭-২০২৬ ০৪:০৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৭-২০২৬ ০৪:০৮:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এছাড়া সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও তাদের সফরসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সফরকালে তারা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেবেন।
পরে বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রতিনিধি দলের।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স