ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১২:২৮:১০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১২:২৮:১০ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন এক ছাত্রদল নেতা। পাশাপাশি অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে অভিযোগটি দায়ের করেন।

অন্য অভিযুক্তরা হচ্ছেন- হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল এবং ওদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগে বাদী ইকবাল হোসেন রুকন উল্লেখ করেন, গত ২৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা হবিগঞ্জ কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীর নেতৃত্বে ৪০-৫০ জন এনসিপির নেতাকর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো বলা হয়েছে, সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের পকেটে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা চলে যায় এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, “অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ