বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৭-২০২৬ ০৫:৫০:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৭-২০২৬ ০৭:১৫:২৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালুর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো পদ্ধতি অনুসরণ না করে সরকারকে নতুন কৌশল গ্রহণের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
হবিগঞ্জে দলের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করে মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল। বর্তমান সরকারও একই পথে হাঁটতে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমতের জায়গা থাকতে হবে। কোনো পরিস্থিতিতেই বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।
নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হলে নব্য ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
শেখ হাসিনার ডিসেম্বরে ঢাকায় ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি ঢাকার মাটিতে পা রাখেন, তখন দেখা যাবে।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
পরে সেখান থেকে এনসিপির নেতারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান এবং আলোচনা সভায় অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স