ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০১:১১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:৫০:৪৬ অপরাহ্ন
​এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন ​ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনার পর সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার পাঁচটি উপজেলায় পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জেলা প্রশাসনকে বিজিবি মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির কর্মসূচিতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনেরও আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, কয়েকটি উপজেলায় সূর্যাস্তের পরও কর্মসূচি চলবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে।

এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ