ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​দূষিত শহরের তালিকায় শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান অষ্টম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৭:৫২ অপরাহ্ন
​দূষিত শহরের তালিকায় শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান অষ্টম ​ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বহু মেগাসিটিতে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অষ্টম অবস্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, সকালে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১২৩। বায়ুমানের এই স্তরটি সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ারের তথ্যমতে, ১৭২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো। ১৫১ থেকে ২০০ এর মধ্যকার এই স্কোরকে আন্তর্জাতিক মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৭০। ১৬০ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা তৃতীয় এবং ১৪০ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ অবস্থানে রয়েছে। এ ছাড়া ১৩১ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর রয়েছে পঞ্চম স্থানে।

সাধারণত আইকিউএয়ার সূচকে স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ স্কোর সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে মূলত পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে বায়ুর মান নির্ধারণ করা হয়। এগুলো হলো—পার্টিকুলেট ম্যাটার (PM2.5 ও PM10), নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ওজোন।

দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস দূষণের কবলে রয়েছে। বর্ষার সময়ে বৃষ্টির কারণে বায়ুমানের সাময়িক উন্নতি হলেও শুষ্ক ও শীতকালীন মৌসুমে দূষণ তীব্র আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী, বায়ুদূষণজনিত ফুসফুসের ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ ও শ্বাসতন্ত্রের জটিলতায় বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ