ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৪০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৪:১০:৫১ অপরাহ্ন
​হাম উপসর্গে তিনজনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নতুন করে কোনো হামজনিত মৃত্যুর তথ্য নিশ্চিত হয়নি। একই সময়ে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৯৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর তিনটি ঘটনার মধ্যে দুটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে এবং একটি রাজশাহী বিভাগে। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৫ জন রয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২১৫ জন, বরিশালে ১৩১ জন এবং সিলেটে ৮৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চট্টগ্রামে ২৩ জন, ঢাকা বিভাগে ৪৮ জন এবং রংপুরে ২২ জনের হাম নিশ্চিত হয়েছে। 

এদিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অগ্রগতিতে ইতিবাচক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে টিকাদান কভারেজ লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশে পৌঁছেছে। মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৯৪০ জনকে টিকা দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ