ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৭-২০২৬ ০৬:৪৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৬ ০৬:৫১:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পরিচালক ক্রিস্টোফার নোলান চেয়েছিলেন দর্শকরা যেন তার নতুন চলচ্চিত্র দ্য ওডিসি সবচেয়ে বড় পর্দায় উপভোগ করেন। কিন্তু তার আগেই সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ছবিটির একটি কপি কয়েক ঘণ্টার মধ্যেই ২০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।
চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ উচ্চমানের ভিডিওসহ একটি পোস্ট প্রায় আড়াই ঘণ্টার মধ্যে ২১ লাখ (২.১ মিলিয়ন) বার দেখা হয়। পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি স্থগিত করা হয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা। একজন রসিকতা করে লেখেন, “নোলান যেমনটা চেয়েছিলেন, পুরো দ্য ওডিসি এখন একটি টুইটেই!”
ক্রিস্টোফার নোলান পুরো তিন ঘণ্টার এই চলচ্চিত্রটি ৭০ মিলিমিটার ফিল্মে ধারণ করেছেন। এটি অত্যন্ত উচ্চ রেজোলিউশনের একটি ফরম্যাট, যা বিশাল আইম্যাক্স পর্দায় প্রদর্শনের জন্য বিশেষভাবে উপযোগী।
আরেকজন ব্যবহারকারী লেখেন, পুরো দ্য ওডিসি সিনেমা টুইটারের এমবেডেড ভিডিওতে! অবিশ্বাস্য। অন্য একজন বলেন, দ্য ওডিসির এইচডি সংস্করণ ফাঁস হয়েছে। প্রথমে ভেবেছিলাম গুজব, কিন্তু সত্যি।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, রোববার (২৬ জুলাই) ছবিটির অপেক্ষাকৃত নিম্নমানের আরেকটি সংস্করণ এক্সে প্রকাশ করা হয়। সেটি প্রায় ৫০ হাজার বার দেখা হওয়ার পর দুই ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানায়, অননুমোদিতভাবে চলচ্চিত্রটি প্রকাশের বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমরা তা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করি। কপিরাইট লঙ্ঘনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমাদের কনটেন্ট ও মেধাস্বত্ব সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেব।
তবে বিশ্লেষকদের মতে, এই ফাঁস ছবিটির বক্স অফিস আয়ে বড় ধরনের প্রভাব ফেলবে না। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ছবিটি ২১৫ মিলিয়ন ডলার আয় করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এর মোট আয় দাঁড়িয়েছে ৬৪০ মিলিয়ন ডলার।
সূত্র: বিবিসি
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স