বাংলাদেশের ইতিহাসে যেসব রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ০৭:৫২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ০৭:৫২:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বড় ধরনের কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের কথা জানান। তাঁর অবর্তমানে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তবে বাংলাদেশে রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা এবারই প্রথম নয়। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে একাধিক রাষ্ট্রপতি নানা কারণে নির্ধারিত মেয়াদ পূর্ণ করতে পারেননি। কেউ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, কেউ অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন, আবার কেউ রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
বাংলাদেশের ইতিহাসে মেয়াদ পূর্ণ করে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন মাত্র চারজন রাষ্ট্রপতি—আবদুর রহমান বিশ্বাস, বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, ইয়াজউদ্দিন আহম্মদ এবং আব্দুল হামিদ। অন্যদিকে দায়িত্বরত অবস্থায় নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ ছাড়া কয়েকজন রাষ্ট্রপতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ছয়জন রাষ্ট্রপতি স্বেচ্ছায় অথবা রাজনৈতিক চাপে পদত্যাগ করেন।
নিচে পদত্যাগ করা রাষ্ট্রপতিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:
১. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হলেও একই বছরের ২৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। পরে তাঁকে বৈদেশিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর পদত্যাগের নির্দিষ্ট কারণ কখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
২. বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
১৯৭৫ সালের ৬ নভেম্বর রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি একই সঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বও পালন করেন। ১৯৭৬ সালে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব জিয়াউর রহমানের কাছে হস্তান্তর করেন এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল স্বাস্থ্যগত কারণ ও রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদ ছেড়ে দেন।
৩. বিচারপতি এ এফ এম আহসানউদ্দিন চৌধুরী
১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আহসানউদ্দিন চৌধুরী। তবে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে মতপার্থক্যের জেরে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর এরশাদ নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
৪. হুসেইন মুহাম্মদ এরশাদ
১৯৮৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর ১৯৮৬ সালে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এরশাদ। দীর্ঘ স্বৈরশাসনবিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থান এবং সেনাবাহিনীর সমর্থন হারানোর পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।
৫. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন চিকিৎসক ও রাজনীতিবিদ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু মাত্র সাত মাস পর রাজনৈতিক বিতর্ক এবং নিজ দলের অভ্যন্তরীণ চাপের মুখে ২০০২ সালের ২১ জুন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও পদত্যাগ করেন।
৬. মোহাম্মদ সাহাবুদ্দিন
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সাহাবুদ্দিন এবং একই বছরের ২৪ এপ্রিল শপথ নেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি দায়িত্বে বহাল থাকেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ২০২৬ সালের ২৪ জুলাই গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে।
এঁদের বাইরে বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসে এমন কয়েকজনও আছেন, যাঁরা পদত্যাগ করেননি; বরং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। খন্দকার মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মাত্র ৮৩ দিনের মাথায় ৩ নভেম্বরের পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিক ঘটনায় ক্ষমতাচ্যুত হন এবং পরে গ্রেপ্তার হন। বিচারপতি আবদুস সাত্তার ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তাঁকে কার্যত ক্ষমতা ত্যাগে বাধ্য করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি পদের ইতিহাস মূলত দেশের রাজনৈতিক ইতিহাসেরই প্রতিচ্ছবি। স্বাধীনতার পর থেকে এই পদ কখনো সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক, কখনো রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু, আবার কখনো সামরিক হস্তক্ষেপের সাক্ষী হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ সেই দীর্ঘ ইতিহাসে যুক্ত করল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স