ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​যেসব কারণ উল্লেখ করে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৪:১৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৪:১৫:১১ অপরাহ্ন
​যেসব কারণ উল্লেখ করে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ​ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিপেজি) জোরালো আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

শনিবার (২৫ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন, নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত তদন্তের দায়িত্ব সিবিআইকে (CBI) দেয়। এছাড়া বিতর্কিত পরীক্ষাটি বাতিল করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়। আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (CBT) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, শুরু থেকেই তিনি এই অপ্রীতিকর ঘটনার দায় নিয়েছিলেন এবং কখনও পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। পরীক্ষা মাফিয়ার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কারও প্রতি অন্যায় না হয়, সেটিই ছিল তাঁর মূল লক্ষ্য।

তিনি জানান, ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ১৬ জুলাই প্রকাশিত ফলাফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের বহু শিক্ষার্থীর সাফল্য তাঁকে সন্তুষ্ট করেছে।

তবে দায়িত্বশীল কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন বিদায়ী শিক্ষামন্ত্রী। তিনি জানান, এই বিষয়টি তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।

ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। এটি তাঁর ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়, বরং ভারতের যুবশক্তিই দেশের প্রকৃত শক্তি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে এবং দেশের ঐক্য যেন অটুট থাকে। কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় না জড়ায় এবং তারা আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে পারে-এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রের শেষাংশে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে দেশসেবাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতেও তিনি দেশের জনগণ ও যুবসমাজের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ