কমনওয়েলথ গেমস
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় বাংলাদেশের সুকুমার রাজবংশী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ১১:৫৫:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ১১:৫৫:৩০ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সাঁতারে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সুকুমার রাজবংশী।
শুক্রবার টলক্রস সুইমিং সেন্টারে অনুষ্ঠিত প্রথম হিটে সুকুমার ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। এই হিটে পাপুয়া নিউগিনির টি. চেন ১ মিনিট ০৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। গায়ানার সি. থম্পসন ১ মিনিট ১৫.০৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
এই হিটে সেন্ট হেলেনা ও সিয়েরা লিওনের দুই সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেননি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সব হিট মিলিয়ে দ্রুততম সাঁতারুরাই সেমিফাইনালে জায়গা পান। তবে সামগ্রিক সময়ের ভিত্তিতে শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারায় সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের সুকুমার রাজবংশীর।
তবু কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি মূল্যবান অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স