ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:৫০:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:৫০:৩৩ পূর্বাহ্ন
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে শাহিন মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা। অন্যদিকে দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি হাফসা আক্তার (৮)।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহিন একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখা যায়, বাসার ভেতরে থাকা তিনজনই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তাদের ধারণা, রাতে গ্যাস লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। পরে ভোরে রান্নার সময় বা অন্য কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
 
দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা বলেন, প্রায় এক মাস আগে তারা নতুন বাজারের ওই ভাড়া বাসায় ওঠেন। বাসায় ওঠার সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যায়। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি পাইপ মেরামত করেন। পরে আরও কয়েকবার পাইপে লিকেজ হলেও সেটি আর ঠিক করা হয়নি। বাড়িওয়ালার গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ