২৭ জুলাই শুরু হজের নিবন্ধন, ১৫ বছরের কম বয়সীরা যেতে পারবে না
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৬ ১২:২৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৬ ০১:৪২:৩০ অপরাহ্ন
ফাইল ছবি
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য আগামী ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। আগামী বছরও ১৫ বছরের কম বয়সীরা হজ পালনের সুযোগ পাবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক-নিবন্ধন সম্পন্নকারীরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। অন্যথায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমে নিজে ইউজার তৈরি করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং আশকোনার হজ অফিস থেকে নিবন্ধন করা যাবে। এছাড়া অনুমোদিত যেকোনো হজ এজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ এবং সাশ্রয়ী হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে, যা হজ পোর্টালে প্রদর্শিত হবে।
প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদ এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট বাধ্যতামূলক। নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে এবং বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরাই হজে যেতে পারবেন। গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিলতা, ডিমেনশিয়া, সক্রিয় ক্যানসারের চিকিৎসাধীন রোগী, যক্ষ্মা ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীরা হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।
নিবন্ধনের পর সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণ এবং সিভিল সার্জন বা নির্ধারিত চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ সংগ্রহ বাধ্যতামূলক।
এদিকে, প্রাথমিক নিবন্ধনের আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে কল সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স