হাবের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৪ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৭-২০২৬ ১২:১২:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৭-২০২৬ ০১:০৮:৩৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বেসরকারি মাধ্যমে ২০২৭ সালের তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে এজেন্সি মালিকদের সংগঠন হাব (হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ)। সর্বনিম্ন হজ প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। পরবর্তী প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা।
এর আগে গতকাল মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার দুটি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লেখিত সেবা সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। আর এ বছর হজ নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
মন্ত্রী জানিয়েছেন, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে।
এ ছাড়া মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
মন্ত্রী মোফাজ্জাল হোসাইন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স