তেল কম দেওয়ার অপরাধে চার লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৭-২০২৬ ০৫:২৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৬ ০৫:২৬:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে গ্রাহকদের কম তেল সরবরাহকারী চারটি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর ৬৩, শহীদ তাজউদ্দিন সরণি, মহাখালীতে অবস্থিত তশোফা ফিলিং স্টেশনে পরিচালিত মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে স্টেশনটির চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এছাড়া তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০, ২২০ ও ১৯০ মিলিলিটার কম জ্বালানি দেওয়া হচ্ছিল, যা গ্রাহকদের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল বলে জানিয়েছে বিএসটিআই।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ত্রুটিপূর্ণ চারটি ডিসপেন্সিং ইউনিট তাৎক্ষণিকভাবে সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স