ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০১:২৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:২৬:১২ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে বিবি হাফসা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী একটি শিশু আহত হয়েছেন। 

সোমবার  (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিবি হাফসা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত আব্দুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। আহত শিশুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলতি বর্ষা মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু পরিবারের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতি বর্ষা মৌসুমেই পাহাড় কেটে নির্মিত বা পাহাড়ের ঢালে গড়ে ওঠা শেল্টারগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ