ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৮:০১:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৮:০১:৩১ অপরাহ্ন
​ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩৭২ ​ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। 

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে)। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ভর্তি হয়েছেন ১০৩ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ৭৮৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ