চেক ডিজঅনার মামলায় কারাগারে সাহেদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৭-২০২৬ ০৫:৪১:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৭-২০২৬ ০৫:৪১:৩৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) বিকালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদিক আহম্মেদ তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বললেন, ‘মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি দায়েরের সময় সাহেদ কারাগারে থাকলেও এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরে গত বছরের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন।
‘এখন সাহেদ কারাগারে যাওয়ায় এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’—জানালেন তিনি।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।
২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালানো হয়। অভিযানে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসের সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরদিন ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও এর প্রধান কার্যালয় সিলগালা করে র্যাব। একই দিন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
এরপর ২০২০ সালের ১৫ জুলাই ভোরে ভারত পালানোর সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিভিন্ন মামলায় দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাহেদ। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন। তবে এবার দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জামিন নাকচ হওয়ায় তাকে আবারও কারাগারে পাঠানো হলো।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স