মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৭-২০২৬ ১১:১৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৭-২০২৬ ১২:৫৮:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপির সূত্রগুলো বলছে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। সব শরিককেই ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। এমনকি নির্বাচনের আগে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদেরও ডাকা হয়েছে। পরস্পরের সঙ্গে হৃদ্যতা বাড়ানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কীভাবে সামনে এগোনো যায়, মূলত সে ব্যাপারেই শরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান।
এদিকে বিএনপি ও শরিকদের একাধিক সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শোনা হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে।
শরিক দল ও জোটগুলোর একাধিক নেতার মতে, নির্বাচন ও সরকার গঠনের ৫ মাসে অনেক ক্ষেত্রেই বিএনপির ‘একলা চলো নীতি’ পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় এই বৈঠকের মধ্য দিয়ে সরকার দলের মনোভাব বুঝতে চাওয়া হবে। দেন-দরবারের চেয়েও এই বিষয়টাকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। মনোভাব বোঝা গেলে সে অনুযায়ী শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্কের ধারা ঠিক হবে বলেও মনে করছেন তারা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকার এবং বিএনপির মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করব। শরিকদের সঙ্গে তারা কি সম্পর্ক শেষ করবেন নাকি নতুন যাত্রা শুরু করবেন-এটা আমাদের জানা জরুরি। তিনি আরও বলেন, কথা বলার সুযোগ থাকলে সার্বিক বিষয় নিয়েই কথা বলব। রাজনৈতিকভাবে সরকার যে পিছিয়ে পড়ছে, সেটার বিষয়ে মনোযোগ আকর্ষণ করব।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। জাতীয় সরকার গঠনের বিষয়েও কথা বলব।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স