এক মাসের মাথায় আবারো বড় ধরনের বিভ্রাটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া নেটওয়ার্ক ফেসবুক। বাংলাদেশে রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর হঠাৎ করেই ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েন হাজারো ব্যবহারকারী। স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে ব্যবহারকারীদের একটি বার্তা দেখানো হয়, যেখানে বলা হয় ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’।
সঙ্গে একটি নোটিস বলা হয়, সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি, শিগগিরই এটি সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন। বিকাল সাড়ে ৩টার দিকে ব্যবহারকারীরা আবার তাদের অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পান।
সমস্যাটি হয় মূলত যারা ব্রাউজারের মাধ্যমে ফেসবুকের ওয়েবসাইটে ঢুকতে চেয়েছেন তাদের ক্ষেত্রে। এ সময় ফেসবুকের মোবাইল অ্যাপ চালু ছিল বলে ব্যবহারকারীরা জানাচ্ছেন।
ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন, ডাউন ফর এভরিওয়ানের মত ট্র্র্যাকার ওয়েবসাইটগুলোও ওই সময় ফেসবুকের সম্ভাব্য বিভ্রাটের তথ্য প্রকাশ করে।
এসব ওয়েবসাইটে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, রোমানিয়া, ইটালি, কানাডা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেইসবুকে ঢুকতে না পারার অভিযোগ করেন।
মেটার আরেক সেবা ইন্সটাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যায় পড়ার কথা বলেছেন কেউ কেউ। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মত সেবাগুলো চালু ছিল।
এর আগে গত ১২ জুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম বিভ্রাটে পড়ে। ঘণ্টখানেক পর ওয়েবসাইটগুলো স্বাভাবিক হয়।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী রোববার ফেসবুকের সমস্যা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে দিকে। নিজের অ্যাকাউন্টে ঢুকতে না পেরে অনেকেই এক্স (সাবেক টুইটার) বা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে খোঁজ নিতে শুরু করেন, সমস্যাটি শুধু তাদের নাকি আরও অনেকের হচ্ছে।
ফেসবুকের ওপর নির্ভরশীল বিভিন্ন ব্যবসা, সংবাদমাধ্যম এবং কনটেন্ট নির্মাতারাও জটিলতায় পড়েন। ফেসবুকের মূল কোম্পানি মেটা তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয়নি। তবে ব্যবহারকারীদের দেখানো বার্তায় কারিগরি জটিলতার ইংগিত পাওয়া যায়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট