সরাইলে জিহাদ হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৭-২০২৬ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৬ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শতাধিক নারী-পুরুষ ও শিশু।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এর আগে সকাল ৯টার দিকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা কুট্টাপাড়া মোড়ে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেন তারা।
এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে কুমিল্লা-সিলেট এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কেও। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, চালক ও পথচারী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার। তারা দীর্ঘ সময় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন।
পরে ইউএনও ও ওসি দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। বেলা পৌনে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলেও দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে জিহাদ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজগর আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তবে এখনো মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া জিহাদ মিয়ার মা সারিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি খুনিদের ফাঁসি চাই। আমরা গরিব ও অসহায় বলেই হয়তো আসামিদের ধরা হচ্ছে না।
অবরোধে অংশ নেওয়া একাধিক নারী-পুরুষ বলেন, আমরা সরকারের কাছে দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানাই। তা না হলে আবারও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, কিশোর জিহাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। নিরপরাধ কাউকে গ্রেফতার না করে প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স