ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:০০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:২৭:৪৭ অপরাহ্ন
​সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান ​ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত “দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল” শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে কার্যকর নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যান অপরিহার্য। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, রেমিট্যান্স ও দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে।

তিনি বলেন, সরকারের নীতি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকারের ঘোষিত কর্মসূচি ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করাই সরকারি কর্মকর্তাদের প্রধান কর্তব্য।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ