ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফিফা বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০১:৪২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০১:৪২:৩৪ অপরাহ্ন
​ফিফা বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র: ট্রাম্প ​ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা বা স্পেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজয়ী আসলে যুক্তরাষ্ট্রই। ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগেই এমন মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে নিউইয়র্কে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিশ্বকাপ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখন ফুটবলের দেশ। 

তার মতে, এই আয়োজন বিশ্বের মানুষকে এক করেছে এবং ভবিষ্যতেও দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে, এবারের বিশ্বকাপ আয়োজন ঘিরে যুক্তরাষ্ট্রকে নানা বিতর্কও সামলাতে হয়েছে। কঠোর অভিবাসন নীতি, কিছু দেশের সমর্থকদের ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ওয়াশিংটন। 

যদিও টুর্নামেন্ট চলাকালে আশঙ্কার অনেক ঘটনাই ঘটেনি। বরং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিশ্বকাপ মাঠের খেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাংস্কৃতিক অভিজ্ঞতাকেও সামনে এনেছে, যা আয়োজকদের বড় সাফল্য।

বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের এক ফোনকলও আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের লাল কার্ড বাতিলের অনুরোধ জানিয়ে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়।

বিশ্বকাপের সফল আয়োজনকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও ভবিষ্যতের আরও বড় ক্রীড়া আসর আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

সূত্র: আরব নিউজ

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ