গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে সমীকরণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৭-২০২৬ ১২:০১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৬ ১২:০১:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শুধু দেশের হয়ে শিরোপা নয়, নিজের ক্যারিয়ারের আরেকটি অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। একদিকে আর্জেন্টিনার তৃতীয় তারকা তারকা হয়ে ওঠার সুযোগ, অন্যদিকে কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের স্বপ্ন। ফাইনালটা তাই শুধু ম্যাচ নয়, মেসির জন্য ব্যক্তিগত ইতিহাস গড়ার লড়াইও বটে।
ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের ৬-৪ গোলের জয়ে কিলিয়ান এমবাপে দুটি গোল করে মোট ১০ গোলে পৌঁছে গেছেন। ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মেসি, যিনি এখন পর্যন্ত করেছেন ৮ গোল। গোল্ডেন বুট জিততে হলে তাঁকে অন্তত দুটি গোল করতেই হবে। তবে শুধু গোল করলেই চলবে না, ফিফার নিয়ম অনুসারে অ্যাসিস্ট ও মাঠে খেলার সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে শীর্ষ অবস্থানে থাকা এমবাপে ৭৬৪ মিনিট খেলে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মেসি ৭১২ মিনিটে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
যদি মেসি ফাইনালে মাত্র একটি গোল করেন, তাহলে তাঁর মোট গোল হবে ৯টি। সেক্ষেত্রে এমবাপেকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু হ্যাটট্রিক করলে মেসির গোলসংখ্যা দাঁড়াবে ১১-এ। তখন আর কোনো হিসাবের দরকার পড়বে না—সরাসরি গোল্ডেন বুট তাঁর হাতে উঠবে।
সবচেয়ে সম্ভাব্য ও আকর্ষণীয় সমীকরণ হলো দুই গোল। যদি মেসি দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে পারেন, তাহলে দুজনেরই গোল ১০টি করে হবে। কিন্তু মেসির অ্যাসিস্ট বেড়ে দাঁড়াবে ৫টি, যা এমবাপের চেয়ে বেশি। ফলে টাইব্রেকারে সুবিধাজনক অবস্থানে থেকে পুরস্কার জিতবেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর যদি শুধু দুটি গোল করেন কিন্তু কোনো অ্যাসিস্ট না করেন, তাহলে গোল ও অ্যাসিস্ট দুটোতেই সমতা তৈরি হবে (১০ গোল, ৪ অ্যাসিস্ট)। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে খেলা মিনিট। বর্তমানে মেসি এমবাপের চেয়ে ৫২ মিনিট কম খেলেছেন। তাই জয়ের জন্য তাঁকে ফাইনালে দুই গোল করে প্রায় ৫২ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হবে। এর বেশি সময় খেললে মোট মিনিট এমবাপেকে ছাড়িয়ে যাবে এবং গোল্ডেন বুট চলে যাবে ফরাসি তারকার কাছে।
ফাইনালে তাই শিরোপা জয়ের পাশাপাশি মেসির সামনে আরও এক বড় চ্যালেঞ্জ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। মাঠে নেমে মেসি কী জাদু দেখান, সেটাই এখন দেখার অপেক্ষায় কোটি সমর্থক।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স