ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল মুসলিম রেনেসাঁর অনন্য রূপকার: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৪:১৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৪:১৬:০৬ অপরাহ্ন
নজরুল মুসলিম রেনেসাঁর অনন্য রূপকার: ভূমিমন্ত্রী ছবি : সংগৃহীত
‘নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন, ‘নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রাজশাহীতে প্রতিষ্ঠিত ‘নজরুল ভিলেজ’ গবেষণা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ভূমিমন্ত্রী বললেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার। তার রচিত রণসংগীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে এ গান আজও অনুপ্রেরণার উৎস হিসেবে সমাদৃত।

তিনি জানালেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

ভূমিমন্ত্রী আরও জানালেন, প্রকল্পের সব কাজ শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ‘নজরুল ভিলেজ’ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন ভূমিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ‘নজরুল ভিলেজ’ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না।

এখানে যেকোনো ব্যক্তি বা সাংস্কৃতিক সংগঠন নাটক, পালাগান, আবৃত্তি, সংগীত পরিবেশনসহ নজরুল সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ধারার চর্চা করতে পারবে।

নজরুলচর্চাকে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিতে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ও প্রণয়ন করা হয়েছে। সে অনুযায়ী বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। আগামী মাসের নির্ধারিত কর্মসূচিগুলো এই প্রাঙ্গণে আয়োজনের লক্ষ্যে দ্রুত ‘নজরুল মঞ্চ’র নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ভূমিমন্ত্রী রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় তিনি বললেন, নতুন অ্যাকাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান ও ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ