তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে মারা গেছে ২০০০
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৭-২০২৬ ১১:২১:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৬ ১১:২১:২৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে ভয়াবগ তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ১৫ দিনে বেলজিয়ামে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের।
বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঘটেছে এসব মৃত্যু। খবর আনাদোলুর।
সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।
বিবৃতিতে সিয়েনসানোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দেশে তাপপ্রবাহ জনিত মৃত্যুর রেকর্ড রাখছে সংস্থাটি।
সেসব রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সলে। সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে।
গত জুনের শেষভাগে ইউরোপের পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া রেকর্ড-ভাঙা তীব্র তাপপ্রবাহের কারণে মহাদেশটির বিভিন্ন দেশে ১০ হাজারেরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এই ভয়াবহ চিত্র সামনে এসেছে।
ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অর্থায়নে পরিচালিত নেটওয়ার্ক ‘ইউরোমমো’ এই তথ্য প্রকাশ করেছে।
তাদের দেওয়া উপাত্ত অনুযায়ী, এই অতিরিক্ত মৃত্যুর সিংহভাগই—অর্থাৎ প্রায় ৯ হাজারেরও বেশি—ঘটেছে ৬৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের মধ্যে।
সাধারণত অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক ছাড়াও হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে, যার বড় শিকার হন মূলত বয়োবৃদ্ধরা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স