দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০৬:৪৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০৬:৪৪:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব ধরনের প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে, যাতে বন্যাকবলিত মানুষের পাশে থাকতে পারি। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়া, মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের যেসব এলাকা ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকার ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারি জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াব।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবারের প্রয়োজন ছিল, সেখানে আমরা তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবার, খাদ্যসামগ্রীসহ অন্যান্য সুবিধাও সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।”
সকাল থেকেই তিনি সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অন্যান্যরা।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স