যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে ৩ মাসের খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ০৩:৩৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ০৩:৩৭:২০ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরের ৭৮ জন এতিম শিশুর মাঝে চলতি বছরের দ্বিতীয় মেয়াদের তিন মাসের খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। দেশজুড়ে মোট ৪০০ এতিম শিশুর পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে যশোরে এই কার্যক্রম সম্পন্ন হলো।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘমেয়াদী পুষ্টি নিশ্চিতকল্পে প্রতিটি এতিম শিশুকে খাদ্য সামগ্রী হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমী ফল দেওয়া হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিটি শিশুর হাইজিন প্যাকে দেওয়া হয়েছে ৪টি পেস্ট, ৪টি ব্রাশ, ৬টি গায়ে মাখা সাবান, ১২টি কাপড় কাচা সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি মেরিল পেট্রোলিয়াম জেলি, ১টি চিরুনি এবং ১টি নেল কাটার। একই সাথে প্রতিটি শিশু উন্নত মানের নতুন পোশাক ও জুতা-মোজা উপহার পেয়েছে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করেছেন তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা এবং কালাম।
প্রধান অতিথির বক্তব্যে সাজিদ আল আহাদ বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের কেবল খাদ্য সহায়তা নয়, বরং তাদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।" উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স