ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​২২ মিনিট দেরিতে এইচএসসির প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০১:৪৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০১:৪৫:১৬ অপরাহ্ন
​২২ মিনিট দেরিতে এইচএসসির প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার ​ছবি: সংগৃহীত
বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, কেন্দ্রসচিব, গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় ইতোমধ্যে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করেছে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছেনি। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে নির্ধারিত সময়ের ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

ঘটনার পর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তবে এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, এ ঘটনায় কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতার অভিযোগ রয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসনের প্রতিবেদন শিক্ষা বোর্ডে পৌঁছেছে এবং আগামী রোববার বোর্ডের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ