ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা

টোকিওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ফেনী ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:২৩:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১১:২৩:১৫ পূর্বাহ্ন
টোকিওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ফেনী ইউনিভার্সিটি ফোকাস বাংলা নিউজ
আন্তর্জাতিক আইন অঙ্গনে লাল-সবুজের পতাকা ওড়াতে জাপানের টোকিও যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। ‘এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশন’-এর আন্তর্জাতিক ওরাল আর্গুমেন্ট রাউন্ডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিদল হিসেবে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে ফেনী ইউনিভার্সিটি।

​বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ তাঁদের লিখিত যুক্তি (মেমোরিয়াল) মূল্যায়নে অনন্য সাফল্যের ভিত্তিতে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।
​আগামী ২৪ থেকে ২৬ আগস্ট জাপানের টোকিওতে অবস্থিত ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটিতে এই আন্তর্জাতিক ওরাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

​এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিরাজ ও জেহাদ। এ সময় দলটির কোচ, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন: ​আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্য প্রমাণ করে যে, বিশ্বমানের প্রতিযোগিতায় ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা চমৎকারভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। ​তিনি প্রতিযোগীদের ভবিষ্যৎ সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

​দলটির কোচ এবং আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান এই অর্জনকে বিভাগের জন্য একটি বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জোরদার প্রতিযোগিতা করে সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া আমাদের আইন বিভাগের জন্য একটি বিশাল প্রাপ্তি। আমার দৃঢ় বিশ্বাস, আন্তর্জাতিক ওরাল রাউন্ডেও আমাদের শিক্ষার্থীরা দারুণ পারফর্ম করে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করবে।

​এর আগেও এই দুই শিক্ষার্থী আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৫-২৬’-এর দ্বিতীয় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো ‘বেস্ট মেমোরিয়াল’ পুরস্কার অর্জন করেছিলেন মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ।

​১৯৯৯ সালে যাত্রা শুরু করা ‘এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশন’ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইনবিষয়ক মুট কোর্ট প্রতিযোগিতা। সমসাময়িক আন্তর্জাতিক আইনের বিভিন্ন কাল্পনিক বিরোধ বা মামলার ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী দলগুলো লিখিত ও মৌখিক যুক্তি উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা, আইনি বিশ্লেষণ ও অ্যাডভোকেসি দক্ষতার চুলচেরা মূল্যায়ন করা হয়। অত্যন্ত কঠোর বাছাইপ্রক্রিয়া শেষে প্রতিটি দেশ থেকে কেবল একটি দলই এই আন্তর্জাতিক মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়, যা এবার অর্জন করেছে ফেনী ইউনিভার্সিটি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ