ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৫৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৫৪:৫৮ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার ​ফাইল ছবি
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে দোহার উদ্দেশে রওনা হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রয়াতের ছেলে, কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে শোক ও সমবেদনা জানাবেন। আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

কাতারের আমিরের দপ্তর রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। শেখ হামাদের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৪ জুলাই) ঢাকার কাতার দূতাবাসে গিয়ে শোকবইয়ে সইয়ের পর এ তথ্য তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমির হিসেবে দায়িত্ব পালন করা শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তার সময়ে জ্বালানি সমৃদ্ধ কাতারের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানীকারক দেশে পরিণত হয় কাতার।

তিনি আমির থাকাকালে ১৯৯৬ সালে আল জাজিরা টেলিভিশন স্টেশনের কার্যক্রম শুরু হয়। আল জাজিরা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম।

তার সময়েই কাতারের প্রথম স্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। দেশটিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচনও তার সময়েই শুরু হয়। এই নির্বাচনে নারীদের ভোট দেওয়ার ও তাদের প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়।

২০১৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে আমিরের দায়িত্ব তুলে দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ান শেখ হামাদ বিন খলিফা আল থানি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ