জলাবদ্ধ ঢাকায় রিকশা চালকদের পোয়াবারো
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৭-২০২৬ ০১:১৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৭-২০২৬ ০২:০০:৩৩ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
রাজধানীতে বৃষ্টি নামলেই যেন দুর্ভোগের পাশাপাশি শুরু হয় বাড়তি ভাড়া আদায়ের এক অলিখিত ‘প্রতিযোগিতা’। জলাবদ্ধতা, তীব্র যানজট ও গণপরিবহনের সংকটের সুযোগ নিয়ে কিছু রিকশা ও অটোরিকশাচালক স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ, কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন। অফিসে সময়মতো পৌঁছানোর তাড়ায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনহে হয় হাজারো যাত্রীকে। যদিও চালকদের একাংশ বলছেন, জলাবদ্ধতা, যানজট ও কম ট্রিপের কারণে তাদেরও আয় কমে যায়, তাই বাড়তি ভাড়া নেওয়া ছাড়া উপায় থাকে না।
শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে যায়। কোথাও হাঁটুসমান পানি, কোথাও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হয় হাজারো মানুষকে।
মুগদা থেকে মতিঝিলে কর্মস্থলে যাওয়া একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সুমাইয়া বলেন, ‘গাড়ি কম, যাত্রী বেশি। অফিসে দেরি হওয়ার ভয়ে বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে রিকশায় উঠেছি। সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া ঠিক নয়।’
একটি করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদ বলেন, ‘প্রতিদিন ৬০ টাকায় অফিসে যাই। আজ একই পথে ১০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। বৃষ্টির অজুহাতে সবাই বাড়তি ভাড়া নিচ্ছে।’
ব্যাংক কর্মকর্তা মাহমুদ বলেন, ‘সকালে একটু আগে বের হয়েছিলাম। কিন্তু অলিগলিতে এত পানি জমে ছিল যে জুতা পরে হাঁটাই সম্ভব হয়নি। তাই রাবারের স্যান্ডেল পরে বের হয়েছি, জুতা ব্যাগে নিয়ে যাচ্ছি।’
বাড়তি ভাড়া নেওয়ার পেছনে নিজেদের যুক্তিও তুলে ধরছেন চালকরা। রিকশাচালক হাসান বলেন, ‘বৃষ্টির দিনে জলাবদ্ধতা, যানজট আর পিচ্ছিল সড়কে চলতে অনেক সময় লাগে। ট্রিপ কম হয়, তাই একটু বেশি ভাড়া নিতে হয়।’
আরেক রিকশাচালক মনিরুল বলেন, ‘অনেক চালক বৃষ্টিতে বের হন না। আমরা যারা বের হই, অনেক সময় হাঁটু পানিতে রিকশা টেনে নিতে হয়। কষ্ট বেশি হয় বলেই মাঝে মাঝে ভাড়া একটু বাড়াতে হয়।’
তবে সব চালক যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, এমন নয়। যেসব এলাকায় জলাবদ্ধতা নেই, সেখানে অনেক রিকশাচালক স্বাভাবিক ভাড়াতেই যাত্রী বহন করছেন।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়ক, অলিগলি ও মোড় তলিয়ে গেছে পানিতে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স