ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশোধের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৭:০৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৭:০৯:১৪ অপরাহ্ন
প্রতিশোধের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ​ফাইল ছবি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করার পর প্রতিশোধের বার্তা দিয়েছেন তাঁর ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।

বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা।”

শনিবার (১১ জুলাই) আল জাজিরা জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দেন মুজতাবা খামেনি।

এক দিন আগে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। সপ্তাহজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজতাবা খামেনি।

জানা গেছে, আলি খামেনির দাফন অনুষ্ঠান গত মার্চ মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলমান থাকায় তা স্থগিত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরে তাঁর ছেলে মুজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

একই হামলায় মুজতাবা খামেনিও গুরুতর আহত হন। এরপর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ