ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাপাতি ও ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার

যশোরে উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের সদস্য আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১২:৩৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১২:৩৬:০৬ অপরাহ্ন
যশোরে উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের সদস্য আটক ফাইল ছবি
আলোচিত উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) এক সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাহসীন ইসলাম (১৯) নামে ওই তরুণকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে একটি চাপাতি, কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে।

আটক তাহসীন কিসমত নওয়াপাড়া এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে। পাশাপাশি তিনি ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি ডাকাতি মামলায় তৃতীয় নম্বর আসামি হিসেবে নাম রয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে জানিয়েছেন। তবে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় কার্যক্রম বা সদস্য নেই বলে তিনি দাবি করেছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সিটিটির কাছে হস্তান্তর করা হবে।

সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে ফাতাহ কমব্যাট সিস্টেম। শাহ আমানত সাবির প্রতিষ্ঠিত এ সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে।

গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করে পুলিশ। ওই সময় সিটিটিসি জানায়, সংগঠনটির নেটওয়ার্ক দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত। আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের সঙ্গে তাদের যোগাযোগ থাকার তথ্যও তদন্তে পাওয়া গেছে।

পুলিশের দাবি, একটি বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত আবাসন প্রকল্পের আড়ালে চক্রটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জন্য সদস্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল। একই সঙ্গে টিটিপির আদলে দেশে তেহরিক-ই-তালেবান বাংলাদেশ (টিটিবি) গঠনের উদ্যোগ নেয়ার তথ্যও তদন্তে উঠে এসেছে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ