রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৭-২০২৬ ১১:৫৩:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৭-২০২৬ ১১:৫৩:৪২ পূর্বাহ্ন
ফাইল ছবি
রাজধানীর বংশাল এলাকার মুকিম বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।
শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশের একটি চারতলা বাড়িতে এই ঘটনা ঘটে। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তার বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং মুকিম বাজারে ‘বাইক পার্ক সেন্টার’ নামে একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন।
হাসপাতালে তুষার ইসলাম রিফাত নামে তার দোকানের এক কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল। রিফাতও সেখানে কাজ করেন। বাড়িটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই শব্দ পেয়ে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, কি বিস্ফোরণ হয়েছে সেটা দেখতে। তখন আবার একটি বিস্ফোরণে আগুন ধরে গেলে সেখানে আটকে পড়েন দুজন। তখন নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভেতরে আটকা পড়েন দেলওয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এসে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
রিফাত আরও জানান, বাড়িটির দোতলায় থাকেন বাড়ির মালিক। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স