সংসদে প্রধানমন্ত্রী
শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনা হবে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৭-২০২৬ ০৫:০৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৬ ০৬:১১:২০ অপরাহ্ন
ফাইল ছবি
সরকার শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক অবস্থানে ফিরে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সারা দেশের ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেবে সরকার।
প্রধান বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
শিক্ষা খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে মূলত অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং পর্যায়ক্রমে তাদের বেতনও বৃদ্ধি করা হবে।
কৃষি খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিভিত্তিক যেসব শিল্পকারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষিকে আরও উৎপাদনশীল করতে প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এ পদক্ষেপের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ ও আলোচনা চালানো হচ্ছে। একইসঙ্গে প্রত্যাবাসনের ভিত্তি হিসেবে রোহিঙ্গাদের তথ্য যাচাই (ভ্যারিফিকেশন) কার্যক্রম এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং বিকল্প কূটনৈতিক উদ্যোগ গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স