আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়: রোজিনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৭-২০২৬ ০১:২০:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৬ ০১:২০:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য ও জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সামগ্রিক পরিবেশ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ কোনো অবস্থাতেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নিয়ে যাওয়া না হয়।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন, সিনেমার বর্তমান পরিবেশ এবং নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই গুণী অভিনেত্রী। সেখানেই তিনি জানান, আর কখনো চলচ্চিত্র শিল্পী সমিতিতে পা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিমানী কণ্ঠে রোজিনা বলেন, ‘জীবনে আর কখনো শিল্পী সমিতিতে যাবো কি না, আমার জানা নেই। তবে এফডিসি থেকে যেহেতু আমার পরিচয়, সে কারণে এফডিসিকে তো ভুলতে পারবো না। যদি পরিচালক কিংবা প্রযোজক সমিতিতে কোনো অনুষ্ঠান হয় কিংবা কোনো সরকারি অনুষ্ঠানে আমার ডাক পড়ে; তবে অবশ্যই যাবো। তা ছাড়া কখনোই আমি এফডিসিতে পা রাখব না।’
চলচ্চিত্র অঙ্গনের প্রতি তীব্র অভিমান থেকে নিজের মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা নিয়েও পরিবারের সদস্যদের স্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন এই নায়িকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেষ বিদায়ের ক্ষণেও যেন তাকে এফডিসিতে নেওয়া না হয়। এর পেছনে এফডিসির বর্তমান বিশৃঙ্খল পরিবেশ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চরম অভাবকে দায়ী করেছেন তিনি।
এ প্রসঙ্গে রোজিনা আরও বলেন, ‘আমার পরিবারকে অনেক আগেই বলে রেখেছি যে মৃত্যুর পর আমাকে তোমরা এফডিসিতে নেবে না। এ সিদ্ধান্ত কোনো আক্ষেপ বা কষ্ট থেকে নয়। সেখানে এখন আর সেসব মানুষ নেই, যারা শিল্পীদের ন্যূনতম শ্রদ্ধা করবে। এখন সেখানে সেই সম্মান, মূল্যবোধ কিংবা শিল্পীদের প্রতি শ্রদ্ধাবোধ খুঁজে পাওয়া যায় না।’
রোজিনা জানান, শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। জয় চৌধুরীর অনুরোধ ও পীড়াপীড়িতেই তিনি প্রার্থী হতে রাজি হয়েছিলেন। কিন্তু যাদের ওপর ভরসা করেছিলেন, সেই প্যানেলই তাঁর সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স