চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যা-ভূমিধসের শঙ্কা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৭-২০২৬ ১২:৪১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৬ ১২:৪১:৫৪ অপরাহ্ন
ফাইল ছবি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে চলছে আষাঢ়ের বর্ষণ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৭২ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড়ধসের ঝুঁকি সবচেয়ে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
তিনি বলেন, অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এদিকে দেশের ১৮ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো—রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ১৪৯ মিলিমিটার, চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার, সন্দ্বীপে ১১৯ মিলিমিটার, বান্দরবানে ৮৩ মিলিমিটার, পটুয়াখালীতে ৬৩ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী চার দিন দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় আরও ২০০ থেকে ৩০০ মিলিমিটার এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই অতিবৃষ্টির কারণে ইতোমধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন নদ-নদীতে পাহাড়ি ঢল নেমেছে। মাতামুহুরী নদীর পানি ইতোমধ্যে বন্যা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স