পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ০৬:৫৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ০৮:২৮:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সাধারণ অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের ৪৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে দেশসেরা তথা প্রথম স্থান অর্জন বাহিনীর জন্য এক গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক ইতিহাস তৈরি করেছে।
এই অনন্য সাফল্যকে সম্মান জানাতে সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর অঙ্গীভূত সদস্য নজরুল ইসলামের পুত্র এবং নব্য পুলিশ ক্যাডারে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত মো. বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া নব্য এএসপি মো. বাচ্চু রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, “একজন সাধারণ আনসার সদস্যের সন্তানের এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই চরম গর্বের। এই ধরনের সাফল্য বাহিনীর সব সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং দেশসেবায় বড় স্বপ্ন দেখার প্রেরণা জোগাবে।”
সংবর্ধিত অতিথি মো. বাচ্চু রহমান তাঁর প্রতিক্রিয়ায় এই অর্জনের পেছনে পিতা-মাতার অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আমার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এর পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই আমি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মো. বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানানো হয়। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, বাচ্চু রহমানের এই অনন্য অর্জন প্রমাণ করে যে সততা, অধ্যবসায় এবং পারিবারিক সঠিক মূল্যবোধ থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করে রাষ্ট্রের সর্বোচ্চ সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। এই মেধা ও সাফল্য দেশের পুরো তরুণ প্রজন্মকে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স