ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ০৩:৪১:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ০৪:৩৯:২২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ ও গ্যাস বিল মওকুফের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে আড়াই ঘণ্টা রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, থানা ও গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। পরে ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মির্জা ইয়ার হোসেন মাস্টার, আলতাফ হোসেন, কাজিম উদ্দিন, ওয়াজ উদ্দিন মোগরসহ একাধিক গ্রাহক মহাসড়ক অবরোধকালে বলেন, ধামরাইয়ের কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া, বাসনা, মহিষাশী, জালসা, কাওয়ালীপাড়া, নান্দেশ্বরী ও সাটুরিয়া এলাকায় গত ৯ বছর ধরে আবাসিক গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। শুধুমাত্র বছরে দুটি ঈদের ছুটির সময় ১০-১২দিন গ্যাস পাওয়া যায়। এছাড়া বছরের ৩৫০দিনই গ্যাস থাকে না।
লাকড়ি আর সিলিন্ডার গ্যাস কিনে রান্না করতে হয় গ্রাহকদের। এরপরও প্রতি মাসে প্রতি চুলায় ১ হাজার ৮০ টাকা করে গ্যাস বিল দিতে হচ্ছে। তাই তারা নয় বছরের গ্যাস বিল মওকুফ ও নিয়মিত গ্যাস সরবরাহের দাবি জানান।
এসময় তরা অভিযোগ করে বলেন, কালামপুর ডিআরএস থেকে স্থানীয় করিম টেক্রাটাইল কর্তৃপক্ষ মেশিন দিয়ে অবৈধভাবে গ্যাস টেনে নিয়ে যাওয়ার ফলে আবাসিকের প্রায় তিন হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে লাইনের গ্যাস পাচ্ছেন না।
এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন, গোলড়া হাইওয়ে থানার ওসি সেলিম আহম্মেদ, ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা।
এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইউএনও পর্যাপ্ত গ্যাস সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্যাস সরবরাহ নিয়মিতকরণের আশ্বাস দিলে গ্রাহকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন মানিকগঞ্জ অফিসের ডেপুটি ম্যানেজার বিধান পাল বলেন, ‘ধামরাইয়ের কালামপুর করিম টেক্রাটাইল কারখানায় যদি ডিআরএস থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে থাকেন তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এলএমজি কম আমদানি হওয়ায় মেইন পাইপলাইনেই গ্যাসের এ সংকট রয়েছে’। কালামপুরসহ কয়েকটি এলাকায় আবাসিক গ্রাহকরা ১০-১২ বছর ধরেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না বলেও তিনি স্বীকার করেন।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স