পদ্মার ৩৫ কেজির কাতল বিক্রি ৭৩ হাজার ৫০০ টাকায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৭-২০২৬ ০২:৩৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৬ ০২:৩৭:৫৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (৫ জুলাই) ভোরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন।
জানা গেছে, জেলে জমির হালদার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মা নদীতে জাল ফেলেন। ভোরের দিকে তাদের জালে বড় আকারের কাতল মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি খুলনার এক ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর তাজা কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি। ৩৫ কেজি ওজনের এত বড় কাতল সচরাচর পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি কিনেছি। পদ্মার বড় মাছ সংগ্রহের চেষ্টা সবসময়ই করি।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় আকারের কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বড় মাছের দেখা মিলছে। এতে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি পদ্মার মাছের সুনামও বজায় থাকছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স