ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০২:৩৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০২:৩৫:৩৪ অপরাহ্ন
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ ছবি : সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে এবং মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে কার্যত সারা দেশের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক,স্পিড বোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।’

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আজ ভোর থেকেই নদী কিছুটা উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময় থেকে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।’
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ