ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৫:১৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৮:০৮:০৯ অপরাহ্ন
​ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ আহবান জানান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাসঙ্গিকতা, শিক্ষার মান এবং শিক্ষকদের আদর্শিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। 

বক্তব্যে তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে সচল থাকার কোনো প্রয়োজন আছে কি না এমন প্রশ্নও তোলেন।

ফুয়াদের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আক্রোশ বলে দাবি করেছে ছাত্রদল। এর কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সে বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।

১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন,  ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর  স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের ঠিক প্রান্তে ছিল বলে দাবি করেছে ছাত্রদল। 

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির বলেন, ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এ ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।

ঢাবি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের এ বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা বলে মন্তব্য নাছিরের। 

ছাত্রদল বলছে, এ বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি দ্রুত তাকে বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ