ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​“এখনো রামিসার ডাক শুনতে পাই”

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৮:৩৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৮:৩৮:৩১ অপরাহ্ন
​“এখনো রামিসার ডাক শুনতে পাই” ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
“আমি এখনো প্রতিদিন রামিসার ডাক আমার কানে শুনতে পাই।” 

নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার মা বুধবার (১ জুলাই) হাসপাতালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে কাছে পেয়ে এভাবেই আহাজারি করেন। এসময় মেয়েকে হারানোর অসহনীয় যন্ত্রণার এই আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

রামিসার শোকাহত মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গিয়েছিলেন ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশোকে মানসিকভাবে ভেঙে পড়া রামিসার মা গত ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন। মানসিক আঘাতের পাশাপাশি তিনি পরিপাকতন্ত্র, স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তার এমআরআই, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

চিকিৎসকদের মতে, তার মানসিক অবস্থার উন্নয়নে ইতোমধ্যে দুই দফা কাউন্সেলিং করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এ সময় রামিসার বাবা চিকিৎসকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলেন, “আপনারা আমার রামিসার মাকে সুস্থ করে ফিরিয়ে দিন।” তার এ আকুতি উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চলমান চিকিৎসায় রামিসার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তার বেশ কয়েকটি শারীরিক ও মানসিক জটিলতা রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিবারের অন্য কেউ রামিসার ছোট বোনের দেখভাল করার মতো না থাকায় পরিবারের অনুরোধে বুধবার তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে তার চিকিৎসা ও মানসিক পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং শোকাহত মায়ের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ